নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি ভর্তি পরীক্ষাকে ঘিরে নানা সতর্কতামূলক ব্যবস্থা: প্রতি আসনে লড়বে ৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে ঘিরে নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা।

ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোকে কোন প্রকার সভা-সমাবেশ, পোস্টার-ব্যানার টাঙানো, নোট-শিট বিক্রিসহ হেল্পডেস্ক না বসানোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি এবং সম্ভাব্য সব ধরনের সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত পুলিশসহ ভ্রাম্যমান আদালত নিয়োজিত থাকবে।

২৭ অক্টোবর রবিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ভর্তির সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।

এতে ভারপ্রাপ্ত উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের মানুষ তাকিয়ে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিকে। তাই আপনাদের সকলের সহযোগিতা কাম্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও প্রক্টরিয়াল বডিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম বলেন, ‘ভর্তি পরীক্ষায় নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে ৭০০ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া নানা গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভারস্কাউটের সদস্যরাও কাজ করবে। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নিজস্ব পরিবহন ছাড়া কোন ধরনের যানবাহন ক্যাম্পাসের অভ্যন্তরীন রুটে চলাচল করতে পারবে না। খাবারের হোটেলগুলোতে নির্ধারিত দামের চাইতে বেশী যেন না নিতে পারে সেজন্য মনিটরিং করা হবে। তাছাড়া ভর্তি পরীক্ষার্থীদের কাগজে যেসব স্থানে সত্যায়িত করার নির্দেশনা রয়েছে, তা কারো করা সম্ভব না হলেও চলবে বলে জানান তিনি।

এ বছর চবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৪ জন শিক্ষার্থী। ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৭০টি।

নির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুসারে আগামী ২৭ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩১ অক্টোবর ‘বি১’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শাটল ও ডেম্যু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) তে পাওয়া যাবে।