চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে এসে না ফেরার দেশে পাড়ি জমালেন এক বাবা।
বুধবার ৩০ অক্টোবর দুপুর ১টার দিকে ‘সি’ ইউনিটের পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে শহরগামী শাটল ট্রেনে উঠলে তার আকস্মিক মৃত্যু ঘটে।
নিহতের নাম মৃনাল দাশ (৫০), তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বলে জানা যায়।
প্রাথমিকভাবে হিট স্ট্রোকজনিত কারণে মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে দায়িত্বরত চিকিৎসক ডা. মোঃ মোস্তফা কামাল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের পরীক্ষার জন্য মেয়ে তিন্নি দাশকে নিয়ে ক্যাম্পাসে আসেন তিনি। দুপুর ১২ টায় ভর্তি পরীক্ষা শেষে চট্টগ্রাম নগরীর দিকে যাওয়ার উদ্দেশ্যে দুপুর ১.৩০ এর শাটলে উঠেন। এর কিছুক্ষণ পর হঠাৎ তিনি তার আসন থেকে ঢলে পড়ে যান। তাৎক্ষণিক তাকে নামিয়ে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক মো. মোস্তফা বলেন, বিভিন্ন কারণে তার মৃত্যু হতে পারে। তবে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচন্ড গরমে শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হওয়ায় হিট স্ট্রোকের কারনে তার মৃত্যু হতে পারে।








