চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আলী আকবর নামে ষাটোর্ধ্ব এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৮ যাত্রী আহত হয়েছেন।
রোববার (১মার্চ) সকাল সাড়ে ৮টায় রাউজান উপজেলার গহিরা শান্তির দ্বীপ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় পাহাড়ীকা নামে রাঙ্গামাটিমুখী একটি দ্রুতগামী বাস (চট্ট মেট্রো-ব-১১-০২৭৩) ওভারটেক করতে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সার (চট্টগ্রাম-থ-১১-৬৬৫৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কলাবাগানে পড়ে যায় এবং অটোরিক্সাটি ধুমড়ে মুচড়ে চালকসহ যাত্রীরা আটকা পড়েন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আলী আকবরকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধ চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।
আহত ৮ জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন অটোরিকশা চালক কুমিল্লা চান্দিনা এলাকার মৃত নিখিল দাশের ছেলে দুলাল দাশ (৩৫), কুণ্ডেশ্বরী এলাকার রাখালের ছেলে সুমন (৩৭), রাউজান পৌরসভার এলাকার মহিউদ্দিন (২৭)। তারা জেকে মেমোরিয়াল হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

