নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ; আহত ৬

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছেন।

সোমবার(৯ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে রাউজান উপজেলার পৌর এলাকার জানালী হাট ব্রীজের পশ্চিম পার্শ্বে এই দূর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে গহিরাস্থ একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন, সিএনজি টেক্সী চালক ও ব্রাহ্মণ বাড়িয়া জেলার তারু মিয়ার ছেলে মো. কামাল (৩২), হলদিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার নুর হোসেনের ছেলে মাওলানা আলমগীর হোসেন (৬৫), গহিরা মতি ডাক্তার বাড়ীর প্রবাসী সমীরের স্ত্রী রিপা শর্মা (৩৫) ও ছেলে অর্ক শার্মা (৮), ফটিকছড়ি ভূজপুর নারায়ণহাট এলাকার আনোয়ারের ছেলে আরাফ (৩০) এবং গহিরা অসি মিয়া সওদাগর বাড়ির ফিরোজ সওদাগরের ছেলে ও ফটিকছড়ি বাদশা মিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জিয়াউদ্দিন বাবলু (৩৫)।

এদের মধ্যে মাওলানা আলমগীর হোসেন ও প্রভাষক জিয়াউদ্দিন বাবলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ বলেন, জলিল নগর বাসস্ট্যান্ড হতে ছেড়ে আসা আশার আলো নামের নগর মুখী একটি বাসের ( ঢাকা মেট্রো-ব-১১-১১০৩)সাথে সিএনজি চালিত একটি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-২০৮৯) মুখোমুখি সংঘর্ষ হলে ৬ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় বাস ও অটোরিকশা দুটি জব্দ করা হয়।