নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন: বাতিল হলেন জিয়াউদ্দিন, টিকে গেলেন মোসলেম উদ্দিন

শুনানীর পর অবশেষে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলুর প্রার্থীতা বাতিল হয়েছে। আর টিকে গেছে আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আহমদের প্রার্থীতা।

রবিবার দুপুরে চট্টগ্রামের  আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মু. হাসানুজ্জামান শুনানী শেষে বাবলুর প্রার্থীতা বাতিল ও মোসলেম উদ্দিনের প্রার্থীতা বহাল রাখেন।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ সি প্লাস কে বলেন, নির্বাচন কমিশন আমাদের প্রতি অবিচার করেছে। তিনি বলেন, অন্য এক প্রার্থীর প্রতি নির্বাচন কমিশন সদয় আচরন করলেও জাতীয় পার্টির প্রার্থীর ক্ষেত্রে তা করা হয়নি।

আর এদিকে মোসলেম উদ্দিনের পক্ষে চসিক মেয়র আ জ ম নাছির বলেন, আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে যে ঋণ খেলাপীর অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। সোনালী ব্যাংকের ঋণ দুই বছর আগে শোধ করা হয়েছে। তাই এ অভিযোগ গ্রহণ যোগ্য নয়।

উল্লেখ্য, চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের চট্টগ্রামের সোনালী ব্যাংকে কয়েক কোটি টাকা ঋণ  রয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করা হয়।

আর এদিকে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু তার এক পরিচিত ব্যক্তির পক্ষে রিলায়েন্স ফাইনান্স লি. এর কোটি টাকার গ্যারান্টার হিসাবে স্বাক্ষর করায় তিনিও খেলাপী হয়ে পড়েন।  যে টাকার গ্যারান্টার হিসাবে বাবলু স্বাক্ষর করেছিলেন তা গত বৃহস্পতিবার  সম্পূর্ণ টাকা জমা দিয়ে পেমেন্ট সাটিফিকেট  নির্বাচন কমিশনে জমাও দেয়া হলেও  নির্বাচন আইন অনুযায়ী তাও শতভাগ সিদ্ধ নয় ।