চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় চাঁনখালী খালের কিনার থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
উদ্ধারকৃত ওই মহিলার বয়স আনুমানিক ২৮/৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পুলিশের জরুরী সেবা-৯৯৯ এ আকতারুজ্জামান রাব্বি নামে এক যুবক ফোন করে জানায় বরকলের কানাইমাদারি চাঁনখালী খালের পানিতে একজন মহিলার লাশ ভাসতেছে।
এ সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজনু মিয়া ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীর কিনার থেকে লাশটি উদ্ধার করেন।
স্থানীয় মহিলা মেম্বার আয়শা আক্তার আজাদী ও একজন নারী কনস্টেবলের মাধ্যমে উদ্ধারকৃত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।
আনুমানিক তিন চার দিন আগের লাশ হওয়ায় দেহটি ফুলে গেছে। মহিলাটির গায়ে সাদা রংয়ের মধ্যে প্রিন্টের কামিজ আছে। পড়নে কোন কাপড় নেই, পেটের নিচ থেকে পা পর্যন্ত উলঙ্গ, মাথা ও মুখ গোলাপী রংয়ের ওড়না দ্বারা পেঁচানো, মুখ ভালো ভাবে দেখা যাচ্ছেনা বলে পুলিশ জানিয়েছে।
ধারনা করা হচ্ছে আনুমানিক ৩/৪ দিন আগে কে-বা কাহারা ওই অজ্ঞাতনামা মহিলাকে শ্বাসরোধ করে হত্যার পর আলামত গোপন করার উদ্দেশ্যে মহিলার লাশটি নদীতে ফেলে দিয়েছে।








