নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে ছাই

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধ্যম জোয়ারা হিন্দুপাড়া এলাকায় অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার চিন্তাহরণ চক্রবর্তীর বাড়ীতে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় মধ্যম জোয়ারা হিন্দুপাড়া এলাকায় চিন্তাহরণ চক্রবর্তীর বাড়িতে গোয়াল ঘরের মশা-মাছি তাড়াতে রাখা ধোঁয়ার কুন্ডলি থেকে আগুনের সূত্রপাত্র হয়ে নিমিষেই ছড়িয়ে পড়ে। এতে চিন্তাহরণ চক্রবর্তীর দুই ছেলে দেবাশীষ চক্রবর্তী ও অজয় চক্রবর্তীর টিনশেড ও কাঁচা ঘরের ৭টি কক্ষ পুড়ে যায়। অগ্নিকান্ডে ওই দুইটি পরিবারের নগদ টাকা, জমির দলিল, কাপড়-চোপড়, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই দুই পরিবারের আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো. শাহ্ আলম খান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যা ৬টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাকাল ব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে দুই পরিবারের আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১০ লাখ টাকার সম্পদ আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি আমরা।