চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া হাজী পাড়া এলাকায় অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সাতবাড়িয়া ইউনিয়নের উত্তর হাজীর পাড়া কাজী বাড়ীতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডে রাজীবের বাড়ির হুমায়ুনের বসত ঘরে থাকা মূল্যবান কাগজপত্র, ফার্নিচার, স্বর্নালংকার ও নগদ টাকাসহ আনুমানিক দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। অগ্নিকান্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, “অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকার মালামাল অক্ষত উদ্ধার করা গেছে।”
ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ঠিক সময়ে না পৌঁছালে আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে জানান তিনি।

