চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভায় অগ্নিকান্ডে চারটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের জোয়ারা এলাকায় প্রদীপ বিশ্বাসের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অজয় দত্ত প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সুধাংশু বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস, মনীন্দ্র দাশের স্ত্রী মিনু বিশ্বাস, হরিশ চন্দ্রের ছেলে সুজিত বিশ্বাস ও দিপু বিশ্বাসের স্ত্রী বিজলী বিশ্বাসের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় দলিলাদি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার টিম লিডার মোঃ আবদুল্লা জানান, মঙ্গলবার সকাল ১১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

