চন্দনাইশ উপজেলায় করোনা ভাইরাসের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম নেয়া এবং দোকানের সামনে দৃশ্যমান অবস্থায় পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ১২ মুদি দোকানীকে ৮২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার দোহাজারী পৌরসভা ও বৈলতলী ইউনুচ মার্কেট এলাকায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার আইনে বৈলতলী ইউনুচ মার্কেট এলাকায় নুরুল ইসলামকে ২০ হাজার টাকা, বিকাশ বিশ্বাসকে ২০ হাজার টাকা, আজিজুর রহমানকে ২০ হাজার টাকা এবং দোহাজারী পৌরসভা এলাকায় মোঃ ফিরোজকে ৫ হাজার টাকা, আরফ আলীকে ৫ হাজার টাকা, মোঃ ফোরকানকে ৫ হাজার টাকা, আনোয়ার হোসেনকে ৫শ’ টাকা, নুর হাকিমকে ৫শ’ টাকা, মানিক মিয়াকে ৫শ’টাকা, নুর মোহাম্মদকে ৫শ’টাকা, সাইফুল ইসলামকে ৫শ’টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো শোক হরণ চাকমা, মোঃ ইউছুপ, শিবলু প্রমূখ। চন্দনাইশ থানার এসআই চলা মংয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, “করোনা ভাইরাসের অজুহাতে অতিরিক্ত দাম নেয়া ও দোকানের সামনে দৃশ্যমান অবস্থায় পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ওই ১২ মুদি দোকানীকে জরিমানা করা হয়।” করোনা ভাইরাসের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








