নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে অনুমোদনহীন পশুর ওষুধ বিক্রি ৩০ হাজার টাকা জরিমানা,ওষুধ জব্দ

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আয়াজ এগ্রো নামের একটি পশু খাদ্য ও ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অনুমোদনহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে সোমবার (২৪মে) বিকালে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, বিক্রি ও প্রাণীসম্পদ অধিদফতর কর্তৃক লাইসেন্স না থাকায় আয়াজ এগ্রোকে ৩০ হাজার টাকা তিনি জরিমানা করেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন , চন্দনাইশ থানার এসআই আবদুল কাদের প্রমুখ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আলোকে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন পশুর ওষুধ জব্দ করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।