চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত খোলা স্থানে শিশু খাদ্য (চিপস, চানাচুর) তৈরি ও বাজারজাতকরণের দায়ে ‘মায়ের দোয়া’ নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের নিচে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
এসময় শিশু খাদ্য তৈরীর কাঁচামাল বিনষ্ট করা হয় এবং অনুমোদনহীন চিপস, চানাচুর তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক দক্ষিণ জোয়ারা এলাকার আবুল খায়েরের ছেলে মো. জসিম উদ্দিন (৪০) কে ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে কারখানাটিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে শিশুখাদ্য উৎপাদনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরীর অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

