চন্দনাইশ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে দেশব্যাপী ১ লাখ ৫৫ হাজার পরিবারকে বাংলাদেশ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় অসহায়, দরিদ্র ৩০০ জন আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বুধবার (৬ মে) বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ এর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
চন্দনাইশ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার আমানতছফা-বদরুন্নেসা মহিলা কলেজ মাঠ, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ ও ধোপাছড়ি বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে আমানতছফা-বদরুন্নেছা কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন। এ সময় প্রত্যেক সদস্যকে ত্রাণ সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও মাস্ক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট’র প্রতিনিধি আনসার-ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম, চন্দনাইশ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শাহজালাল সোহেল, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষিকা লাকী বড়ুয়াসহ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারগণ।

