গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ মনির হোসনে তপু ওরফে মারুফ(২২) নামে এক বাস হেলপারকে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে ওই বাস হেলপারকে আটক করা হয়। আটক মনির হোসেন তপু ওরফে মারুফ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চান্দর ইউনিয়নের চরমাধবপুর সর্দার বাড়ির হযরত আলী জামাল ওরফে জামাল সর্দারের ছেলে।
এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে খবর পাই, কক্সবাজার থেকে ঢাকাগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৫-০৭০৩) বাসের হেলপার ইয়াবা নিয়ে আসতেছে। ওই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসআই আতিক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় চেকপোস্ট বসিয়ে বাসটি থামিয়ে হেলপার মনির হোসেন তপু ওরফে মারুফকে জিজ্ঞাসাবাদকালে তার দেয়া তথ্যমতে তার ব্যাগ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করি।”
এ ঘটনায় আটক বাস হেলপারের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।








