Site icon CPLUSBD.COM

চন্দনাইশে একই দিনে করোনামুক্ত হলেন দুই চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মী

ফয়সাল চৌধুরী, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোঃ আবু রাশেদ, দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ শেখ সাদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস কৃষ্ণ চক্রবর্তী ও হাবিব এবং সিএইচসিপি চন্দন দে মঙ্গলবার (২ জুন) করোনামুক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোঃ আবু রাশেদ, এমএলএসএস কৃষ্ণ চক্রবর্তী ও হাবিব এবং সিএইচসিপি চন্দন দে গত ২০ মে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। মঙ্গলবার (২ জুন) করোনামুক্ত হয়েছেন তাঁরা।

অপরদিকে চট্টগ্রামের (কোভিড ডেডিকেটেড) জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক হিসেবে গত ১১ মে থেকে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ শেখ সাদী। তিনিও করোনামুক্তির ছাড়পত্র পেয়েছেন মঙ্গলবার (২জুন) বিকালে। এ নিয়ে চন্দনাইশ উপজেলার মোট আটজন করোনা মুক্ত হয়েছেন উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “পর পর দুইটি রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাদের করোনামুক্তির ছাড়পত্র দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এপর্যন্ত চন্দনাইশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ জন, তন্মধ্যে করোনামুক্ত হয়েছেন আট জন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ১২ জন, বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২৬মে থেকে আইসোলেশনে থেকে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী।