চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া ও পূর্ব দোহাজারী এলাকা থেকে রাতের আঁধারে ৩ বাড়ির গোয়াল ঘর থেকে একরাতে ৫টি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে, গত শনিবার (৬ জুন) দিবাগত রাতে। ঘটনার ৪দিন অতিবাহিত হলেও চুরি হয়ে যাওয়া ৫টি গরুর কোন হদিস মেলেনি।
জানা গেছে, শনিবার দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া এলাকার মৃত সাঁচী মিয়ার ছেলে নুরুল আলম বাচন, একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে নুরুল ইসলাম ও পূর্ব দোহাজারী আজগর আলীর বাড়ীর মৃত হাচী মিয়ার ছেলে আলী হোসেন নিজ নিজ গোয়াল ঘরে বিভিন্ন জাতের গরু পালন করেন। প্রতিদিনের ন্যায় তারা গোয়াল ঘরে গরু তুলে দিয়ে ঘুমিয়ে যান। পরদিন রবিবার (৭ জুন) সকালে ঘুম থেকে উঠে তারা গোয়ালঘরে গিয়ে দেখেন উভয় গোয়ালঘরের তালা ভাঙ্গা। চুরি হওয়া গরুর মধ্যে নুরুল আলম বাচনের ১টি গাভী ১টি ষাঁড় যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা, নুরুল ইসলামের ১টি ষাঁড় ও ১টি গাভী যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, আলী হোসেনের ১টি ষাঁড় যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আ.ই সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “গরু চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
ঘটনার পর স্থানীয় এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, “কুরবানির আগে গরু চুরির প্রবণতা বৃদ্ধি পায়। কুরবানি ঈদের আগ পর্যন্ত গরুর মালিকদের সচেতন থাকতে হবে। পুলিশের পাশাপাশি গ্রামবাসীকেও পালাক্রমে পাহারা দিতে হবে। সার্বক্ষণিক পুলিশের সাথে যোগাযোগ রাখতে হবে। এলাকা ভিত্তিক পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। গরু চুরি প্রতিরোধে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দেয়া হবে।
দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশে এক রাতে ৫ গরু চুরি








