Site icon CPLUSBD.COM

এলজি ও ছোড়াসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে প্রেমঘটিত কারণে এক মেয়েকে তুলে নিতে এসে কিশোর গ্যাং-এর ৫ সদস্য পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও স্টিলের ছোড়া উদ্ধার করা হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে কিশোর গ্যাং-এর ৫ সদস্য রবিবার দুপুরে কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে এসে প্রেমঘটিত কারণে একটি মেয়েকে তুলে নিতে চায়। এসময় তারা অস্ত্র প্রদর্শন করলে স্থানীয়রা বিষয়টি চন্দনাইশ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে চন্দনাইশ থানার এসআই মোঃ মোজাম্মেল হোসেন ও এসআই মোহাম্মদ মাজহারুল হকসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো পটিয়া উপজেলার বাহুলী চিকন কাজী পাড়া এলাকার কাজী দিদারুল আলমের ছেলে কাজী সাফায়েত ওরফে তানজির ওরফে নাজিব (২৩), চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নাজিরহাট মুন্সির ভিটা এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ সাজ্জাদুল করিম (২২), যতরকুল এলাকার মুজিবুর রহমান চৌধুরীর ছেলে ছেলে মিম রহমান চৌধুরী নিশান (১৬), আরিফশাহ পাড়ার টিপু শীলের ছেলে শুভ শীল (১৭), দেওয়ানজিপাড়ার তপন বড়ুয়ার ছেলে ধ্রুব বড়ুয়া (১৬)।
এসময় তাদের মোবাইল ফোনেও কিছু ভিডিও চিত্র পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রেমঘটিত কারণে এক মেয়েকে তুলে নিতে পাঁচজনের একটি কিশোর গ্যাং-এর আসার খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে তাদের আটক করে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”