নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে করোনামুক্ত হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু রাশেদ ও তিন স্বাস্থ্যকর্মী

ফয়সাল চৌধুরী,চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোঃ আবু রাশেদ, এমএলএসএস কৃষ্ণ চক্রবর্তী ও হাবিব এবং সিএইচসিপি চন্দন দে গত ২০ মে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

মঙ্গলবার (২ জুন) করোনামুক্ত হয়েছেন তাঁরা। এ নিয়ে উপজেলার মোট সাতজন করোনা মুক্ত হলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে চারজনকে করোনামুক্তির ছাড়পত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “পরপর দুইটি রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাদের করোনামুক্তির ছাড়পত্র দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এপর্যন্ত চন্দনাইশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ জন, তন্মধ্যে করোনামুক্ত হয়েছেন সাত জন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ১২ জন, বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২৬মে থেকে আইসোলেশনে থেকে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী।