নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে গরুর খামার থেকে ৫ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর উদ্ধার: ৫০ হাজার টাকা জরিমানা

ফয়সাল চৌধুরী চন্দনাইশ: এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেড নামক একটি গরুর খামার থেকে মেয়াদোত্তীর্ণ ৫ হাজার ৫০ কেজি খেজুর উদ্ধারের পর পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়েছে।

এসব খেজুরের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫২ হাজার ৫ শ টাকা।

এ ঘটনায় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ইমতিয়াজ হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এনএসআই ও চন্দনাইশ থানা পুলিশের সদস্যদের সহযোগিতায় হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডে অভিযান চালিয়ে ৫০ কেজি করে একশ’টি বস্তায় ৫ হাজার কেজি খেজুর পাওয়া যায়।

খেজুরের বস্তাগুলোর গায়ে ২০১৮ সালে পাকিস্তান থেকে আমদানী করা এবং ২০১৯ সালের মার্চ মাসে মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। অপরদিকে ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এমন দু’টি খেজুর বস্তাও পাওয়া যায়। যেগুলোর প্রতিটির ওজন ২৫ কেজি করে।

গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডের মালিক আকতার চট্টগ্রাম শহরে থাকেন।

তাঁর অনুপস্থিতিতে দায়িত্বপালনকারী ম্যানেজার ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মৃত আদম আলীর ছেলে হারুনুর রশিদ (৫৫) জানান, “কোরবান সামনে রেখে খামারের গরুগুলো মোটাতাজাকরনের লক্ষে গরুর খাদ্য হিসেবে খেজুরগুলো চট্টগ্রাম থেকে মালিকের ছেলে পাঠিয়েছেন।” তাঁর সে দাবি ধোপে টেকেনি।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গরুকে খেজুর খেতে দেয়া হলেও গরু তা খায়নি।

এদিকে মেয়াদউত্তীর্ণ পচা খেজুর মজুদ রাখায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত পচা খেজুর পাশের খালি যায়গায় ফেলে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন জানান, গরুর খামারে খেজুর মজুদ করা হয়েছে এনএসআই থেকে এমন তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে খেজুরগুলো উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে খামারের ম্যানেজার খেজুরগুলোকে পশু খাদ্য হিসেবে দাবি করলেও প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে খেজুর গরুর খাদ্য নয়। ধারণা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যেই খেজুরগুলো মজুদ করা হয়েছিল। তবে খেজুর গুলোর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে গত বছর মার্চ মাসে। গরুর খামারটিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি খেজুরগুলো স্থানীয় সাংবাদিকদের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে।