চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) ভোর সোয়া ছয়টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ দোহাজারী পৌরসভা সদরস্থ ডিডিএল টাওয়ারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেক পোষ্ট বসিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
এসময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার সৈয়দ নগর এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ আরিফ (২২), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার দীগনগর গজার ভাজন্দী এলাকার মৃত ছৈয়াব শেখের ছেলে মোঃ শামিম শেখ (৩১) ও শেরপুর জেলার নকলা থানার গনপুদ্দি জামালপুর এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে মোঃ মঞ্জু (৩৫) কে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, “আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।” আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।








