চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহারের অপরাধে ভ্রাম্যমান আদালতে পাঁচ চাল ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার দোহাজারী পৌরসভা ও বাগিচাহাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করা হয়।
পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে দোহাজারী পৌরসভার জসিম উদ্দিনকে দশ হাজার টাকা, সোলেমানকে দশ হাজার টাকা, আলমগীরকে দুই হাজার টাকা, মোঃ জাহাঙ্গীরকে দুই হাজার টাকা ও বাগিচাহাট এলাকার লোকমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, “ধান-চালে পাটজাত বস্তা ব্যতিত সিনথেটিক, পলিথিন কিংবা কৃত্রিম মোড়ক ব্যবহার করে বিক্রি, বিতরণ বা সরবরাহ করা যাবেনা। পাটজাত বস্তার বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ওই পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।”








