Site icon CPLUSBD.COM

চন্দনাইশে ব্যাংকের সিকিউরিটি গার্ডকে কুপিয়েছে দুর্বৃত্তরা

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে ব্যাংকের সিকিউরিটি গার্ডকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বত্তরা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুচিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চন্দনাইশ সদর উপ-শাখার নাইটগার্ড মোঃ জামশেদ (২৬) মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকসাযোগে তার কর্মস্থলে আসছিলেন। তাকে বহনকারী সিএনজি অটোরিকসাটি উপজেলার সুচিয়া এলাকায় পৌঁছলে ৩/৪ জন দূর্বত্ত সিএনজিটি থামিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে ব্যাংকের চাবি চায়। সে চাবি দিতে অপারগতা প্রকাশ করলে দা দিয়ে তাকে উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে।
এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
আহত সিকিউরিটি গার্ড জামশেদ উপজেলার পূর্ব কেশুয়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে বলে জানা যায়।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, “বিষয়টি সম্পর্কে আমার কাছে কোন তথ্য নেই।”