নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও ভ্যানগাড়ী বিতরণ

চন্দনাইশ প্রতিনিধিঃ  চন্দনাইশ উপজেলায় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পঁচিশ জন নারীকে সেলাই মেশিন ও পাঁচ জন পুরুষকে ভ্যানগাড়ী প্রদান করা হয়েছে। 

এ-উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ছালেহ আহমেদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আসিফুজ্জামান, মৎস কর্মকর্তা কামাল উদ্দীন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর কর্মসংস্থান , পুনর্বাসন ও দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চন্দনাইশ উপজেলায় গ্রহণ করা হয়েছে ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি।

এই কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও ভ্যানগাড়ী প্রদান করা হয়েছে। ভিক্ষাবৃত্তি একজন মানুষ, একটি পরিবার ও সমাজ সর্বোপরি দেশের সম্মান নষ্ট করে। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে বেঁচে থাকার তাগিদে অথবা শারীরিক অক্ষমতায় অনেকে ভিক্ষা করতে বাধ্য হয়।

অর্থ-উপার্জনের সহজ পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে অনেকে পেশা হিসেবে বেছে নেয়।” সেলাই মেশিন ও ভ্যানগাড়ি পাওয়া নারী ও পুরুষ ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে নিজ পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হবে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।