চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা ও পৌরসভা সদর, সাতঘাটিয়া পুকুর পাড় এবং মৌলভীবাজার এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশসহ নিয়মিত যৌথ টহল চলাকালীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি পালন না করা ও দোকানের ভিতর সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে চন্দনাইশ সদর এলাকার ভিআইপি ক্লথ ষ্টোরের মঞ্জুরুল আলমকে ৩ হাজার টাকা, শাহ আমিন ক্লথ ষ্টোরের মাহবুবুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় দোকানের সামনে দৃশ্যমান অবস্থায় পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে মামুন খলিফা ষ্টোরের আবু ছালেককে ৩ হাজার টাকা, আল্লাহর দান ষ্টোরের মোঃ তারেককে ৩ হাজার টাকা, মৌলভীবাজারের নাহিম স্টোরের আমিন হককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করে অহেতুক মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করার অপরাধে সওকত ইসলামকে ৫’শ টাকাসহ মোট ১৪ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।
স্বাস্থ্য বিধি না মেনে দোকান খোলা রাখা চন্দনাইশ সদর এলাকার আমেনা করিম কসমেটিকস এর মালিক প্রশাসনের গাড়ি দেখে দোকান থেকে পালিয়ে যাওয়ায় ওই দোকানে তালা লাগিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
এব্যাপারে মুুুুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, “করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

