সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভায় প্রতিপক্ষের হামলা-গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে।
চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকায় মহাসড়কের পাশে মক্কা পেট্রোল পাম্পের পাশে অনুষ্ঠানস্থলে সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকার পর পুণরায় চালু হয়েছে।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
তিনি বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগের পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে আকস্মিক ফাঁকা গুলি শুরু হয়। এরপর সভামঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে একদল তরুণ-যুবক।

এতে স্থানীয় নেতারা সভাস্থল ত্যাগ করে পাশে একটি কমিউনিটি সেন্টারে গিয়ে আশ্রয় নেন। পরে ওই কমিউনিটি সেন্টারেও ভাংচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় গ্রুপ পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর সভা আহ্বানকারীরা মহাসড়কে এসে অবরোধ করেন।
এ ঘটনায় চন্দনাইশ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর লোকমান হোসেন এবং নুরুল আমিন নামে একজনসহ ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।









