নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে হোম কোয়ারেন্টাইনে ১৭ জন

চন্দনাইশ উপজেলায় ১৭ জনকে হোম কোয়ারেইন্টানে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে তাদের নিজ বাড়ি ও বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৭ জনের মধ্যে ১০ জন বিদেশ ফেরত প্রবাসী এবং ৭ জন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থী।

হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতরা হলেন উপজেলার মধ্যম চন্দনাইশের কাতার ফেরত সাজ্জাদ হোসেন, হাশিমপুর বড়ুয়া পাড়ার ফ্রান্স ফেরত অঞ্জন বড়ুয়া, মধ্যম চন্দনাইশ গাবতল এলাকার সৌদি আরব ফেরত মোঃ মফিজ ও জাহাঙ্গীর আলম, চন্দনাইশ চৌধুরী পাড়ার দুবাই ফেরত মোঃ রাশেদ ও মোঃ বোরহান। বিজিসি ট্রাস্টে পড়ুয়া নেপাল থেকে আসা ২ শিক্ষার্থী হলেন সুনীল কুমার দেওবেদি ও শম্বু প্রসাদ সাহা, ভারত থেকে আসা ৫ শিক্ষার্থী হলেন শ্রীমান লাহিরি, উম্মে হাবিবা, রাকিব জামান বেপারী, সামিনা আকতার, শ্রেয়ানাস ত্রিপাটি।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হাসান চৌধুরী জানান, বিদেশ ফেরত এসব ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তারা যেন ঘরের বাইরে যেতে না পারেন সেজন্য স্থানীয় স্বাস্থ্য কর্মী, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ তাদের খবরাখবর নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নির্দেশ অমান্যকারীদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আরো ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন প্রবাসী দেশে আসার সংবাদ পাওয়া গেছে। তাদের খোঁজখবর নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।