চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভায় মিশকাত (১৫) নামে এক কিশোরের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
গত ১৩ মে ওই কিশোরের নমুনা সংগ্রহের পর সোমবার (১৮ মে) চট্টগ্রাম ফৌজদার হাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে রিপোর্টের ফলাফল পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওই শিশুটির বাড়ি লকডাউন করা হয়েছে।”
উল্লেখ্য, চন্দনাইশ উপজেলায় সোমবার (১৮ মে) পর্যন্ত সাত জনের করোনা পজিটিভ এসেছে। তন্মধ্যে ১০ মাস বয়সী এক শিশু ও ১৫ বছর বয়সী এক কিশোরী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরীর তত্বাবধানে তিনজন করোনা রোগী তাদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশন ব্যবস্থায় চিকিৎসাধীন আছেন।
চন্দনাইশ উপজেলায় এ পর্যন্ত ১৩০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।








