নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ১ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ: আটক ১

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার হোসেন (৩৩) নামে এক জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়ীয়া সরকারি কলেজ গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ন-১৬-৯৬৬৮) জব্দ করেছে। এ সময় মোঃ দেলোয়ার হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মোঃ দেলোয়ার হোসেন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার বটতলী হাজী পাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।” আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।