চন্দনাইশ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ মোঃ ফারুক(২৫) নামে এক যুবককে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে বারোটায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক (এস.আই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তার মাথা কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করেন বলে জানা গেছে।
আটক মোঃ ফারুক কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আবু আহাম্মদের ছেলে।
এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে বারোটায় দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর কবরস্থান সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
আসামির বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।








