বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২’শ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (২০) নামে এক যুবককে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর রাস্তার মাথা সংলগ্ন কবরস্থান এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক জুবায়ের কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার আবুল মনজুরের ছেলে।
এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দোহাজারী পৌরসভার চাগাচর রাস্তার মাথার কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার ডান পায়ের হাটুর নিচে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২’শ পিস ইয়াবা পাওয়া যায়।”
এ ঘটনায় আটক মোঃ রায়হানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

