চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকা থেকে ৪ হাজার ৬শ পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
এসময় ট্রাক চালক মোঃ নয়ন মিয়া (৩০) কে আটক করা হয়।
আটককৃত মোঃ নয়ন মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকার মঈনুদ্দিনের ছেলে।
দোহাজারী তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি খালি ট্রাকে (ঢাকা মেট্টো-ট ২২-৬২৭৪) করে ইয়াবা পাচার হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শনিবার বিকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় আমার নেতৃত্বে এএসআই মং এচিং মার্মাসহ দোহাজারী তদন্ত কেন্দ্রের একটি টিম ও চন্দনাইশ থানার এসআই বাবুল মিয়ার নেতৃত্বে আরেকটি টিম যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় ট্রাকটি থামিয়ে তল্লাশি করে চালকের আসনের পেছনে বক্সের ভেতর থেকে গামছা পেঁছিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী বলেন, “আটক চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।”








