নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র মাহবুবুল

চন্দনাইশ প্রতিনিধিঃ  চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দ্বিতীয় বারের মত বর্তমান মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮২-৮৬) আলহাজ্ব মু. মাহবুবুল আলম (খোকা)।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়।

আগামী ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বুধবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি।

মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৯জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। চন্দনাইশ পৌরসভার নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আলহাজ্ব মু. মাহবুবুল আলম (খোকা) সাংবাদিককে বলেন পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি।

তিনি আরও বলেন, আমি আ.লীগ ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মী ভাইদের সহযোগিতা চাই এবং চন্দনাইশ পৌরবাসীর দোয়া ও সহযোগিতার মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী হলে চন্দনাইশ পৌরসভাকে নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলতে সক্ষম হবো।

যে সকল নেতৃবৃন্দ আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সকলের কাছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা বিজয়ীর জন্য আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌরসভা আ’লীগের আহবায়ক ও উপজেলা আ’লীগের সহ- সভাপতি মো: কাইছার উদ্দীন চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।