নিউজটি শেয়ার করুন

চন্দ্রঘোনায় প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ২

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় নারী সহ দুইজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার বদিউল আলম বাদশার ছেলে নুরুল আবছার (৪৫) ও তার ছোট ভাই মো. জাফরের স্ত্রী ইয়াছমিন আক্তার (২২)।

এরমধ্যে ইয়াছমিন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।  রাঙ্গুনিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

আহত নুরুল আবছারের ছোট ভাই মো. নাছের বলেন, প্রতিপক্ষ নোয়াব মিয়ার পুত্র মো. হেলাল গংদের সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই নিয়ে তারা বিভিন্ন ভাবে আমাদের ঘায়েলের চেষ্টা চালাচ্ছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন অজ্ঞাতনামা আরও ৭/৮ জন দুর্বৃত্ত সহ সংঘবদ্ধ হয়ে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র হাতে অতর্কিত হামলা চালায়। তারা আমাদের বসতঘরে প্রবেশ করে আমাদের ঘরবাড়ি ভাংচুর করতে থাকে। একপর্যায়ে আমার বড় ভাই নুরুল আবছার তাদের বাঁধা দিলে তারা আমার ভাইকেও লোহার রড সহ লাঠিসোঠা দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। তাকে বাঁচাতে আমার অপর ভাইয়ের বউ ইয়াছমিন এগিয়ে আসলে তাকেও এলোপাথারী মারধর করে তারা। এতে তাদের দুজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর যখম হয়। এমনকি ইয়াছমিনের বাম চোখেও আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

এরমধ্যে ইয়াছমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তারা আমাদের ঘরবাড়িও ভাংচুরের পাশাপাশি ঘরের মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।”

রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শন ইসমাঈল হোসেন জুয়েল বলেন, “এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছে। এই ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”