নিউজটি শেয়ার করুন

চন্দ্রঘোনায় বাগানবাড়ি থেকে যুবক অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি

চন্দ্রঘোনায় বাগানবাড়ি থেকে যুবক অপহরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী চন্দ্রঘোনা থানা এলাকার একটি বাগানবাড়ি থেকে নুরুল আলম নামে এক যুবককে  অপহরণ করা হয়েছে। অপহরণের পর তার পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ব্যাপারে রোববার(১২ সেপ্টেম্বর) রাতে চন্দ্রঘোনা থানায় একটি অভিযোগ দায়ের হলেও অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় তারা।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, ভিকটিম নুরুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। চন্দ্রঘোনা থানার ধনিয়া মুসলিম পাড়া এলাকায় তাদের একটি বাগান আছে। সেটা দেখাশোনার জন্যই গত শনিবার (১১ সেপ্টেম্বর) গিয়ে বাগানবাড়িতেই রাত্রিযাপন করছিল নুরুল আলম। এসময় রাত ১টার দিকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরেরদিন রোববার সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম নুরুল আলমের মুঠোফোন থেকে তার পরিবারের কাছে ফোন করা হয়।

এসময় নুরুল আলম কান্নাকাটি করে বলেন “আমাকে যারা অপহরণ করেছে তাদেরকে ১ কোটি টাকা না দিলে আমাকে জবাই করে দেবে”। এ বলে অপহরণকারীরা তার মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এই ব্যাপারে ভিকটিম নুরুল আলমের বড়ভাই কাতার প্রবাসী নুর মোহাম্মদ বলেন, “আমরা সাধারণ প্রবাসী। অপহরণকারীরা এক কোটি টাকা চাইলেও দেওয়ার সামর্থ আমাদের নেই। আমাদের জবাই করে তিন টুকরো করা হলেও মুক্তিপণের ১ কোটি টাকা জোগাড় করা অসম্ভব। তাদের বলেছি, ভাইকে ফেরত দেন, বিনিময়ে তাদের ৪-৫ লাখ টাকা পর্যন্ত ব্যবস্থা করে দেবো। আমাদের সাথে কিংবা আমার ভাইয়ের সাথে পূর্ব থেকে কারো বিরোধ আছে বলে আমাদের জানা নেই। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও আশানুরূপ কোন বার্তা দিতে পারছেন না।”

জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, “হয়তো নুরুল আলমের কোন প্রতিপক্ষ তাকে অপহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। আশাকরি তাকে খুব দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।”

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here