কলা ও মানববিদ্যা অনুষদের অধীন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ রবিবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দুই শিফটে এই পরীক্ষা হচ্ছে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে এবং পরের শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।
এই ইউনিটে এক হাজার ২২১ আসনের বিপরীতে আবদেন করেছেন ৪২ হাজার ৪ পরীক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৪ জন শিক্ষার্থী। প্রতি শিফটে ২১ হাজার দুই জন পরীক্ষা দেবেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতশ’ পুলিশ সদস্যের পাশাপাশি টহলে রয়েছে র্যাব সদস্যরা। তাছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধীন ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউট মিলে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৬৬ হাজার ৮৭০টি। ফলে এ বছর আসন প্রতি পরীক্ষার্থী ৩৪ জন।








