ভর্তি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন মৃণাল দাশ; শহরে ফেরার সময় উঠেছিলেন শাটল ট্রেনে, তাতে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু ঘটেছে এই প্র্রৌঢ়ের।
মৃণাল (৫০) চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রেওলয়ে কলোনির বাসিন্দা। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মৃণালের মেয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন। বুধবার ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার পর শহরের উদ্দেশে রওনা হতে তিনি ও তার মেয়ে শাটল ট্রেনে ওঠেন বলে স্বজনরা জানান।
ভর্তি পরীক্ষার এই সময়ে ট্রেনে ছিল অতিরিক্ত ভিড়, সেই সঙ্গে ছিল গরম।
প্রত্যক্ষর্শীরা জানান, ট্রেন ছাড়ার আগেই মৃণাল অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “ট্রেনের ভিতরে বসা অবস্থায় উনার খারাপ লাগা শুরু করে। লোকজন উনাকে বিশ্ববিদ্যালয় স্টেশনে নামায়। সেখানেই তিনি হার্ট এ্যাটাকে মারা যান।”








