সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ.বি.) ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ (রোববার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সিনেট সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
সিনেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আখতার। আর বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, এবছর ৩৪৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন ভাতা খাতে। এখাতে বরাদ্দের পরিমাণ ২২২ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ দশমিক ১৬ শতাংশ। এছাড়া গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২০ লক্ষ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ২১ শতাংশ।
পণ্য ও সেবা বাবদ সহায়তা হিসেবে ৬০ কোটি ৯০ লাখ ও পেনশন ও অবসর সুবিধা হিসেবে ৫০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবহন খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ এর গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির খাতে ২ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৬ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ৫৪১ কোটি ১৩ লক্ষ টাকা চাহিদার বিপরীতে ৩৪৬ কোটি ৩০ লক্ষ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে ৩২৯ কোটি ৮০ লাখ টাকা দেবে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় থেকে পাওয়া যাবে ১৬ কোটি ৫০ লাখ টাকা। বাকি ৫ কোটি ৫৫ লাখ টাকা ঘাটতি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে গত ২০১৯-২০ অর্থবছরের ৩৩৫ কোটি ৬৫ লক্ষ টাকা সংশোধিত বাজেটের অনুমোদনও দেওয়া হয় সিনেট সভায়।
সিনেট সভায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, সংরক্ষিত সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন নাছিম হাসান, আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, চবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌলা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী, রাহমান নাছির উদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভুইয়া প্রমুখ।

