সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের যাত্রা শুরু হয়েছে। এ ইমারজেন্সি কেয়ার চালুর ফলে এক ছাদের নিচে মিলবে সকল ধরনের জরুরি সেবা।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফিতা কেটে ইমারজেন্সি কেয়ার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান, চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
হাসপাতাল সুত্রে জানা গেছে, নতুন চালু হতে যাওয়া এ সার্ভিসে রোগীদের জন্য থাকছে ১০০ শয্যা। থাকবেন মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক, নাক-কান-গলা এবং অ্যানেসথেসিয়াসহ প্রয়োজনীয় সব বিভাগের একজন করে কনসালটেন্ট। এছাড়াও জরুরি রোগ নির্ণয়ের জন্য এক্স-রে’র পাশাপাশি স্থাপন করা হবে দুটি অপারেশন থিয়েটার। পরবর্তীতে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।
উল্লেখ্য, চালু হওয়া এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের অবকাঠামোগত ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। আর শয্যা থেকে শুরু করে সকল যন্ত্রপাতি চিটাগাং ক্লাব থেকে প্রদান করা হয়।








