সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২৭ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী তৌফিকুর রহমান ইয়ন, রিয়াজুল ইসলাম জয়, অভিজিৎ দাশ, মির্জা নাজিম উদ্দিন, আতাউল্লাহ বোখারী চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। আমরা ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য চমেক কর্তৃপক্ষকে কলেজ ক্যাম্পাসে পুলিশের তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসীদের অবাধ আনাগোনা বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জোড় দাবী জানাচ্ছি।
এবিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে হামলা চালাচ্ছে। ২৭ এপ্রিল কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আমাদের একটাই দাবী হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের ক্যাম্পাসে অবাধ বিচরণ বন্ধ করতে হবে। মহানগর ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।








