সিপ্লাস প্রতিবেদক: ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও এক রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চমেক হাসপাতালে শনিবার(৮ আগস্ট) ভর্তি হওয়া ৪৮ বছর বয়সী ওই পুরুষ রোগীর বিভিন্ন পরীক্ষার পর তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। এখন তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।
ওই ব্যক্তি চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়া দ্বিতীয় রোগী।
ডা. সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ওই রোগী করোনা পজিটিভ ছিলেন না। তবে তার কিছু উপসর্গ ছিল। পরীক্ষাি নিরীক্ষার পর সোমবার তার ব্ল্যাক ফাঙ্গাস নিশ্চিত হওয়া যায়।
মেডিক্যাল বোর্ড বসিয়ে ওই রোগীর চিকিৎসার করণীয় নির্ধারণ করা হবে বলে ডা. সাজ্জাদ জানান।
এর আগে ‘কালো ছত্রাক’র উপসর্গ নিয়ে গত ২৪ জুলাই চমেক হাসপাতালে প্রথম রোগী হিসেবে ষাটোর্ধ এক নারী ভর্তি হন। তিনি এখনও চিকিৎসা নিচ্ছেন।
ডা. সাজ্জাদ জানান, প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়া নারীর সোমবার অস্ত্রোপচার হয়েছে। চোখ, নাক, কান গলা, মেডিসিনসহ বিভিন্ন বিভাগের সমন্বয়ে অস্ত্রোপচার হয়।
ওই রোগী শারীরিক অবস্থা ‘ভালো’ বলেও জানান তিনি।








