সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি মারা গেছেন।
শনিবার (১৩ জুন) সকালে মারা যান তিনি।
মারা যাওয়া কয়েদির নাম আমিনুল হক প্রকাশ চদ্রি মিয়া (৮০)। তিনি মিরসরাই উপজেলার কাঁটাছড়া এলাকার আছান উল্ল্যাহর ছেলে।
আমিনুল হক প্রকাশ চদ্রি মিয়া মিরসরাই থানায় ২০০৪ সালের মে মাসে দায়ের হওয়া একটি মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাভোগ করছিলেন।
এ মামলায় চলতি বছরের ২ মার্চ মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল।
কারাগারে আসার পর থেকে আমিনুল হক প্রকাশ চদ্রি মিয়া অসুস্থ ছিলেন। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮ জুন ফের অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে পাঠায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। পাঁচদিন চিকিৎসাধীন থেকে শনিবার সকালে মারা যান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী আমিনুল হক প্রকাশ চদ্রি মিয়া নামে এক কয়েদি মারা গেছেন। যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। ২ মার্চ মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল। কারাগারে আসার পর থেকে আমিনুল হক প্রকাশ চদ্রি মিয়া অসুস্থ ছিলেন। তাকে চমেক হাসপাতালে দুই দফা চিকিৎসা দেওয়া হয়।








