মো: মহিন উদ্দীন: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ভোটের মাঠে থাকা ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ পাওয়া ২১ প্রার্থীরা হলেন, ড্রেসিং টেবিল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন প্রয়াত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিসা খানম, কাঁটা চামচ প্রতীক নিয়ে মো. আলী আকবর হোসেন চৌধুরী (মিন্টু), রেডিও নিয়ে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সূর্যমুখি ফুল নিয়ে মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, ঠেলাগাড়ি নিয়ে মোহাম্মদ সেলিম রহমান, ট্রাক্টর নিয়ে মোহাম্মদ নোমান চৌধুরী, ক্যাপ নিয়ে মো. শাহেদুল আজম, লাটিম নিয়ে কাজী মো. ইমরান, কাঁচি নিয়ে মো. নাজিম উদ্দীন, ঝুঁড়ি নিয়ে মো. নুরুল হুদা, ঘড়ি নিয়ে মো. সামশের নেওয়াজ, পানপাতা নিয়ে মমতাজ খান, এয়ারকন্ডিশন নিয়ে শওকত ওসমান, করাত নিয়ে মো. রুবেল সিদ্দিকী, হেলমেট নিয়ে মো. আজিজুর রহমান, টিফিন ক্যারিয়ার নিয়ে মো. আলাউদ্দীন, স্টবেরি নিয়ে মো. জাবেদ, প্রদীপ নিয়ে কায়সার আহম্মদ, হেডফোন নিয়ে এ কে এম সালাউদ্দীন কাওসার, মিষ্টি কুমড়া নিয়ে মো. নূর মোস্তাফা টিনু ও ব্যাটমিন্টন র্যাকেট নিয়ে মো. আবদুর রউফ।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যান। তিনি ছিলেন এ ওয়ার্ডের ৭ বারের নির্বাচিত কাউন্সিলর। তাঁর মৃত্যুর পর শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী ৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোটকেন্দ্রে ৮৬টি ভোটকক্ষে ভোট দেবেন ভোটাররা।
রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাকী ২১ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

