নিউজটি শেয়ার করুন

চসিকের প্রশাসক : এবার খোরশেদ আলম সুজনকে নিয়ে গুঞ্জন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) প্রশাসক হিসাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন নিয়োগ পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে গত তিনদিন ঈদের ছুটি থাকায় এ বিষয়ে সরকার কিংবা চসিকের দায়িত্বশীল কেউ নিশ্চিত করতে পারেন নি।

এব্যাপারে খোরশেদ আলম সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সংস্থার লোকজন আমার কাছে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। তবে যতক্ষণ পর্যন্ত সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না করে ততক্ষণ কিছুই বলতে পারছিনা।

উল্লেখ্য ২০০৭সালে আওয়ামী লীগ থেকে তৎকালীন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদের জন্য খোরশেদ আলম সুজনকে মনোনয়ন দেয়া হয়েছিলো। কিন্তু সেই বার তাকে আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের নির্দেশে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে হয়। তার স্থলে মনোনয়ন দেয়া হয়েছিলো এম এ লতিফকে। সেই থেকে যে কোন নির্বাচন কিংবা সরকারি যে কোন পদে মনোনয়নে খোরশেদ আলম সুজনের নাম উঠলেই তিনি প্রতিউত্তরে অনিশ্চয়তার কথা বলেন।

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে করোনা মহামারীর কারনে। আগামী ৫ আগষ্ট মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় মেয়রের পদে প্রশাসক নিয়োগের বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে নগরজুড়ে। আলোচিত হচ্ছে চসিকের প্রশাসক পদে কে আসছেন। আমলা, রাজনৈতিক বা অরাজনৈতিক কোন ব্যক্তিত্ব। সবই এককভাবে নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।

খোরশেদ আলম সুজন চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর সব কিছু চট্টগ্রাম নগরকেই ঘিরে।

গত ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠানের সিডিউল ঘোষিত হওয়ার পর মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। এ অবস্থায় বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির উদ্ভব ঘটে। বাংলাদেশেও এ প্রাণঘাতী ভাইরাস আঘাত হানতে শুরু করে। ফলে নির্বাচন কমিশন ২৯ মার্চের নির্বাচন স্থগিত ঘোষণা করে।

নির্বাচন কমিশনের কয়েকটি সূত্র জানিয়েছে, প্রশাসকের নেতৃত্বে একটি পরিষদ গঠিত হবে। এ পরিষদ তাদের অন্তর্বর্তীকালীন সময়ে কর্পোরেশনের কর্মকান্ড পরিচালনা করবে।