সিপ্লাস প্রতিবেদক: করোনার দ্বিতীয় দফার লকডাউনের মধ্যে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলেই জরিমানা করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ এপ্রিল) নগরীর সিআরবি, লালখানবাজার, এমএ আজিজ স্টেডিয়াম, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় চসিকের ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
মারুফা বেগম নেলী জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক না পরে কেউ ঘরের বাইরে বের হলে জরিমানা করছি আমরা। বুধবার ৮ জনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন এবং চসিকের পক্ষ থেকে মাস্কও দেওয়া হচ্ছে। এর আগের দিন মঙ্গলবার (৬ এপ্রিল) মেহেদিবাগ, প্রবর্তক মোড়, পাঁচলাইশ থানার মোড়, মুরাদপুর ও বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।








