চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সেবা নিয়ে ভোগান্তি ও অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি চট্টগ্রাম মেডিকেল কলেজের বীর উত্তম শাহ আলম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে৷
আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে উপস্থিত সকল আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ায় দুপুর সোয়া দুইটায় শুনানী সমাপ্ত করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শুনানি করেন৷
এসময় মঞ্চের সামনের সারিতে উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে নিজ অবস্থানের ব্যাখা দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন৷
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি কমানোর জন্য দুর্নীতি দমন কমিশন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রায় পঞ্চাশটিরো অধিক অভিযোগের শুনানির অধিকাংশ অভিযোগ ছিলো চসিকের প্রকৌশল ও রাজস্ব শাখার বিরুদ্ধে। সেই সাথে অভিযোগ উঠেছে দরিদ্রদের জন্য নির্মিত ভবনে চসিকের কার্যালয় নির্মান বিষয়ে।
এসব অভিযোগের প্রতিউত্তরে সিটি মেয়র অভিযোগের বিষয় দ্রুত নিরসনের আশ্বাস দেন।

