নিউজটি শেয়ার করুন

চসিক কাউন্সিলরদের শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি: প্রশাসকের বিবৃতি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের ‍শূন্য পদে সমন্বয়ক বা প্রতিনিধি হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে নগরবাসীকে এই সংক্রান্ত গুজবে কান না দেওয়ার আহ্বান জানান প্রশাসক খোরশেদ আলম সুজন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রশাসকের মনোনীত সমন্বয়ক বা প্রতিনিধি উল্লেখ করে অভিনন্দন জানাতে দেখা গেছে।

এ বিষয়ে বিবৃতিতে সুজন বলেন, “কোনো ওয়ার্ডে সমন্বয়ক বা প্রতিনিধি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর স্থানীয় সরকার অ্যাক্ট (সিটি কর্পোরেশন-২০০৯) অনুযায়ী কাউন্সিলর পদটি এখন শুন্য।

“সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত।”

ওয়ার্ড পর্যায়ে ওয়ারিশান, জাতীয়তা সনদপত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদপত্র প্রদানে ওয়ার্ডের সচিবদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে তাদেরকে স্থানীয় অভিজ্ঞ, মুরুব্বি, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা গ্রহণেরও পরামর্শও দেওয়া হয়েছে বলেও  বলে বিবৃতিতে জানানো হয়েছে।

প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাউন্সিলরদের দায়িত্ব পালনে কোনো সহায়ক পরিষদ গঠন করেননি সুজন।

তবে সিসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমকে ১ থেকে ১৪ নং ওয়ার্ড, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াকে ১৫ থেকে ২৮ নং ওয়ার্ড ও সচিব আবু শাহেদ চৌধুরীকে ২৯ থেকে ৪১ নং ওয়ার্ডের কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেউ এ সংক্রান্ত গুজব রটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন প্রশাসক সুজন।