Site icon CPLUSBD.COM

চসিক চাইলে চট্টগ্রামে মাঠ বানাতে টাকা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চসিক চাইলে চট্টগ্রামে মাঠ বানাতে টাকা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ছবি: সিপ্লাস বিডি.নেট

সিপ্লাস প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় খেলার মাঠ করতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্পোরেশনকে আর্থিক সহযোগিতা দিবে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে নবনির্মিত স্কোয়াশ কোর্ট ও কাবাডি ম্যাট-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাতে অনেকগুলো মাঠ কিন্তু সিটি কর্পোরেশন তৈরী করছে। আমি ঢাকায় উত্তর-দক্ষিন সিটি কর্পোরেশনকে বলেছি তারা যদি চায় মন্ত্রণালয় তাদের সাহায্য করবে। তেমনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও আমরা অনুরোধ করবো তারা যেন এই এলাকার ছেলে-মেয়েদের খেলাধুলার স্বার্থে তারা যেন মাঠ করে দেই।

এদিন চট্টগ্রামের বিকেএসপি সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের বিকেএসপি আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট মাত্র ৩ একর। আমরা এখন কাজ শুরু করেছি। এটিকে ১৬ একর করা হবে। জমি অধিগ্রহণপূর্বক আমরা ইনশাআল্লাহ শীঘ্রই কাজ শুরু করতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভূমি অধিগ্রহণসহ একটি আধুনিক ও যুগোপযোগী ক্রীড়াকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা তুলে ধরেন। বন্দরনগরী চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হওয়া সত্ত্বেও বিকেএসপির অন্যান্য আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে ছোট ও অন্যান্য দিক থেকে সুবিধাবঞ্চিত। তিনি প্রতিমন্ত্রীকে নগরবাসীর প্রত্যাশা পূরণে এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে আধুনিক বিকেএসপির একটি পরিকল্পনা তুলে ধরেন।

পরিকল্পনায় তিনি চট্টগ্রাম বিকেএসপিতে একাডেমি ভবন, মেডিকেল ও ক্রীড়াবিজ্ঞান ভবন, মসজিদ, ট্রেনিং হোস্টেল, স্টাফ ডরমেটোরি, অফিসার ডরমেটোরি, ক্রিকেট মাঠসহ প্যাভিলিয়ন এবং তিনটি ক্রিকেট প্র্যাকটিস পিচ তৈরির রূপরেখা তুলে ধরেন। সবশেষে প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিকেএসপি ঘুরে দেখেন এবং আধুনিক চট্টগ্রাম বিকেএসপি বিনির্মাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।