Site icon CPLUSBD.COM

চসিক নির্বাচন : আওয়ামী লীগের পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. অনুপম, সচিব বাবুল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের পরিচালনা কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন দলের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ও সদস্যসচিব হয়েছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

শুক্রবার রাতে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সফিকুল ইসলাম ফারুক বলেন, চসিক নির্বাচন পরিচালনার জন্য দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়কারী হিসেবে আগেই ঘোষণা করা হয়েছে।

শুক্রবারের বৈঠকে নির্বাচন পরিচালনার জন্য দলের উপদেষ্টা ড. অনুপম সেনকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে সদস্যসচিব করা হয়। একইসঙ্গে নগর আওয়ামী লীগের সকল সহ-সভাপতিকে কো-চেয়ারম্যান করা হয়েছে।

এছাড়া সম্পাদকমণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে ৫ মার্চের আগেই নির্বাচন পরিচালনার জন্য পূর্ণাঙ্গ কমিটি করা হবে। তবে বর্তমান মেয়র ও দলের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন নির্বাচনী আচরণবিধিগত বাধায় নির্বাচন পরিচালনা কমিটিতে থাকতে পারছেন না।

উল্লেখ্য, চসিক নির্বাচনের মনোনয়ন দাখিল শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ১ মার্চ মনোনয়ন বাচাই, ২ থেকে ৪ মার্চ আপিল এবং প্রত্যাহার করতে হবে ৮ মার্চ। প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ৯ মার্চ। ভোটগ্রহণ ২৯ মার্চ।