চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বুঝিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার(৫মার্চ) বিদ্রোহী সহ সব কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বৈঠক করবে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটি।
আর এ বৈঠকের মাধ্যমে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের থামানো না গেলে রোববার(৮মার্চ)বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার(৫মার্চ) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এবং চসিক নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সিপ্লাসকে বলেন, আওয়ামী লীগের দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছাড়া বিভিন্ন ওয়ার্ডে অন্য যারা প্রার্থী হয়েছেন (বিদ্রোহী) তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় একটি পত্রিকায় কাউন্সিলর পদটি সবার জন্য উম্মুক্ত করে দেয়ার জন্য বিদ্রোহীরা যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করে বলেন, কাউন্সিলর পদে আওয়ামী লীগ সভানেত্রী মনোনয়ন দিয়েছেন। তা কোনমতে উম্মুক্ত করা যাবেনা। যদি কেউ দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে আওয়ামী লীগ। পরে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারাই নির্ধারণ করেন।
তিনি বলেন, সমন্বয় কমিটির বৈঠকে বিদ্রোহীদের আমরা বোঝাতে চেষ্টা করবো। এরপরেও যদি কোন বিদ্রোহী মনোনয়ন পত্র প্রত্যাহার না করে রোববার তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. অনুপম সেন এবং সদস্য সচিব মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

