সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শনিবার ঢাকার মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুজন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকারমন্ত্রী এ সময় সুজনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, পরামর্শ ও সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
“বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্হে দায়িত্ব পালন করতে প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি।”
মন্ত্রী বলেন, “দেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে।”
মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সুজন সাংবাদিকদের বলেন, তিনি কোনো অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দেবেন না।
“স্থানীয় সরকার মন্ত্রী আমাকে যে দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেছেন সেগুলোকে আমলে নিয়ে নগরীর সকল সমস্যা নিরসন এবং নাগরিক সেবা বৃদ্ধি করে একটি আধুনিক-পরিচ্ছন্ন শহর উপহার দিতে সক্ষম হবো।”
সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় গত ৪ অগাস্ট সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।








